স্প্যানিশ লা লিগায় শিরোপার লড়াইয়ে অনেকটা পিছিয়ে পড়েছে রিয়াল মাদ্রিদ। তবুও শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। রোববার (৩ মে) রাতে এসপানিওলকে ২-০ গোলে হারিয়ে কাগুজে সম্ভাবনা টিকিয়ে রেখেছে আলভারো আরবেলোয়ার দল।
এদিন প্রথমার্ধে দুই দলই বেশ কিছু সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি। ৪৩তম মিনিটে ব্রাহিম দিয়াজের শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। অন্যদিকে, বিরতির আগে কর্নার থেকে লিন্ড্রো ক্যাব্রেরার হেড দুর্দান্তভাবে ঠেকান গোলরক্ষক লুনিন।
দ্বিতীয়ার্ধে ম্যাচের চিত্র পাল্টে দেন ভিনিসিয়ুস জুনিয়র। ৫৫তম মিনিটে গঞ্জালো গার্সিয়ার সঙ্গে দারুণ বোঝাপড়ায় প্রথম গোলটি করেন তিনি। এরপর ৬৬তম মিনিটে বেলিংহ্যামের সহায়তায় নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়ান ব্রাজিলিয়ান তারকা।
এই জয়ে ৩৪ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল। শীর্ষে থাকা বার্সেলোনা ১১ পয়েন্টে এগিয়ে। সামনে দুই দলের মুখোমুখি ম্যাচেই শিরোপার ভাগ্য নির্ধারণ হতে পারে। বার্সেলোনা সেই ম্যাচে হার এড়াতে পারলেই শিরোপা নিশ্চিত করবে।
Leave a Reply