ময়মনসিংহের গৌরীপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক ব্যক্তির বসতবাড়ির সীমানা প্রাচীর ভাঙচুর, চাঁদা দাবি এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। সোমবার (২৭ এপ্রিল) রাতে উপজেলার পৌর শহরের বাড়িওয়ালাপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী রাকিব হাসান মো. এখলাছ (৪১) বাদী হয়ে ঘটনার রাতেই গৌরীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযুক্তরা হলেন একই এলাকার মৃত আনছার আলীর ছেলে মো. সাইফুল ইসলাম (৫২) এবং তার ছেলে রাতুল ইসলাম শান্ত (২২)।
অভিযোগ সূত্রে জানা যায়, সাইফুল ইসলামের সঙ্গে রাকিব হাসানের দীর্ঘদিন ধরে বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে বিবাদীপক্ষ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে আদালত রাকিব হাসানের পক্ষে রায় প্রদান করেন।
অভিযোগে আরও বলা হয়, আদালতের রায় অমান্য করে সাইফুল ইসলাম ও তার সহযোগীরা পুনরায় জমি দখলের চেষ্টা চালিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় সাইফুল ইসলাম বাদীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগ করা হয়েছে। দাবিকৃত অর্থ না দেওয়ায় এবং পূর্ব শত্রুতার জেরে ঘটনার রাতে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে এসে বাড়ির পূর্ব পাশের সীমানা প্রাচীর ভেঙে ফেলে এবং ব্যাপক ক্ষতিসাধন করে।
তবে এ বিষয়ে অভিযুক্ত সাইফুল ইসলাম সীমানা প্রাচীর ভাঙার বিষয়টি স্বীকার করে বলেন, প্রাচীরের ভেতরে আমার জায়গা রয়েছে। ওই জমির টাকা দেওয়ার কথা থাকলেও দীর্ঘদিনেও তা পরিশোধ করা হয়নি। তিনি চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে বলেন, আমার সঙ্গে রাকিবের কোনো যোগাযোগ নেই, তাহলে আমি কীভাবে চাঁদা দাবি করবো?
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান বলেন, সীমানা প্রাচীর ভাঙার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply