প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এ রোগের ঝুঁকি ও জটিলতা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। আগামীকাল বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আজ শনিবার দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন। এবারের বিশ্ব ডায়াবেটিস দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই।
প্রধানমন্ত্রী বাণীতে উল্লেখ করেন, ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরাও যথাযথ চিকিৎসা ও নিয়মিত পরিচর্যার মাধ্যমে সুস্থ, স্বাভাবিক ও কর্মক্ষম জীবনযাপন করতে পারেন। তিনি বলেন, যারা এখনো এ রোগে আক্রান্ত হননি, তাদেরও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্য গ্রহণ এবং শরীরচর্চার মাধ্যমে ডায়াবেটিস প্রতিরোধে সচেষ্ট থাকা উচিত। ডায়াবেটিস বর্তমানে বিশ্বব্যাপী অন্যতম প্রধান জনস্বাস্থ্য চ্যালেঞ্জ এবং বাংলাদেশেও এ রোগে আক্রান্ত মানুষের সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে, যা উদ্বেগের একটি বড় কারণ। ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকলে হৃদযন্ত্র, কিডনি, চোখসহ শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে এবং এর জটিলতা জীবনহানির কারণও হতে পারে। তবে সময়মতো রোগ শনাক্তকরণ, সঠিক চিকিৎসা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও নিয়মিত শারীরিক পরিশ্রমের মাধ্যমে এটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং অসংক্রামক রোগ প্রতিরোধে সচেতনতা গড়ে তোলা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। একটি সুস্থ ও কর্মক্ষম জনগোষ্ঠীই দেশের উন্নয়ন ও সমৃদ্ধির মূল ভিত্তি। সুস্বাস্থ্য শুধু ব্যক্তির জীবনমান উন্নত করে না, বরং পরিবার, সমাজ ও রাষ্ট্রের সামগ্রিক অগ্রযাত্রাকেও গতিশীল করে। তিনি বলেন, সরকার প্রতিটি মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায়, যাতে সবাই মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারেন। এ লক্ষ্য অর্জনে সরকার, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, চিকিৎসক ও সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। বিশেষ করে ডায়াবেটিসের মতো ক্রমবর্ধমান জনস্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলায় সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ অত্যন্ত জরুরি।
বাণীতে প্রধানমন্ত্রী দিবসটি উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সকল সদস্য, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সাফল্য কামনা করেন। তিনি ডায়াবেটিস প্রতিরোধে সকলকে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
Leave a Reply