সাভারের হেমায়েতপুরের শ্যামপুর এলাকায় আব্দুল জলিল নামের এক ব্যক্তির মালিকানাধীন একটি চারতলা ভবন ঘিরে রেখেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভবনটি ঘিরে ফেলার পর রাত সাড়ে ১০টা পর্যন্ত সেখানে অভিযান অব্যাহত ছিল। পুরো এলাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিয়ন্ত্রণে রয়েছে।
অভিযানের বিষয়ে জানতে চাইলে সিটিটিসির এক কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পেরেছেন যে ওই ভবনের ভেতরে বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম মজুদ করে রাখা হয়েছে। বর্তমানে বাড়িটি তালাবদ্ধ অবস্থায় রয়েছে এবং ভেতরে প্রবেশের জন্য তারা প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছেন। অভিযানের সময় সিটিটিসির পাশাপাশি স্থানীয় থানা পুলিশ ও ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্সের (এনএসআই) সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
সাভার মডেল থানার এক উর্ধ্বতন কর্মকর্তা জানান, অভিযানের কারণ সম্পর্কে স্থানীয় পুলিশকে আগে থেকে বিস্তারিত জানানো হয়নি। তিনি বলেন, ‘আমাদের এই অভিযানে সহায়তা করার জন্য বলা হয়েছিল। তাই আমরা এখানে এসেছি। এ বিষয়ে বিস্তারিত সিটিটিসি পরে ব্রিফ করবে।’
এদিকে, নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সাংবাদিক ও স্থানীয় বাসিন্দাদের ওই ভবনের কাছাকাছি যেতে বাধা দিচ্ছে। ভবনের সামনের রাস্তায় সাধারণ মানুষের চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় এক মুদি দোকানদার জানান, প্রায় সাড়ে ৩ ঘণ্টার বেশি সময় ধরে সিটিটিসি সদস্যরা বাড়িটি ঘিরে রেখেছেন।
রাত পৌনে ১০টার দিকে সিটিটিসির ওই কর্মকর্তা নিশ্চিত করেন যে, তারা বাড়িটির ভেতরে বিস্ফোরক থাকার তথ্যের ভিত্তিতেই এই অভিযান পরিচালনা করছেন। তবে অভিযানের বিস্তারিত ফলাফল বা পরবর্তী পদক্ষেপ সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।
তিনি বলেন, ‘বাড়িটিতে তালা মারা রয়েছে।
Leave a Reply