যুক্তরাষ্ট্রের ডালাস-ফোর্ট ওর্থ আন্তর্জাতিক বিমানবন্দরের শৌচাগারের পাশে অজুর জন্য পা ধোয়ার বিশেষ ব্যবস্থা করা হচ্ছে। চলতি বছরের শেষ নাগাদ এই নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। মূলত মুসলিম যাত্রীদের নামাজের আগে পবিত্রতা অর্জনের সুবিধার্থে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
টেক্সাসের লাইসেন্স ও নিয়ন্ত্রণ বিভাগের নথি অনুযায়ী, গত ৩১ জুলাই প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে নিবন্ধন করা হয়। বিমানবন্দরের ডি টার্মিনালের বিদ্যমান শৌচাগারে পুরুষ ও নারীদের জন্য পৃথক অজুর স্থান তৈরি করা হবে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে প্রায় ৩ লাখ ডলার, যা সম্পূর্ণ ব্যক্তিগত অর্থায়নে বাস্তবায়ন করা হচ্ছে।
প্রকল্পের নথিতে উল্লেখ করা হয়েছে, সাধারণ শৌচাগারের বেসিনে পা ধোয়ার কারণে মেঝে ভিজে যাওয়া এবং বেসিনের অবকাঠামোগত ক্ষতি এড়াতেই নিচু উচ্চতার বিশেষ অজুর স্থান বসানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের শিকাগোর ও’হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দরসহ আরও কয়েকটি বড় বিমানবন্দরে আগে থেকেই এ ধরনের অজুর ব্যবস্থা রয়েছে।
তবে ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে অজুর এই ব্যবস্থাপনা সম্পূর্ণ নতুন নয়। বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, টার্মিনাল ডি-এর গেট ডি৪০-এর কাছে থাকা ইন্টারফেইথ চ্যাপেল ২০১৯ সালে চালুর সময় সেখানে দুটি অজু স্টেশন স্থাপন করা হয়েছিল। ইসলামি বিধান অনুযায়ী নামাজের আগে অজু করা বাধ্যতামূলক এবং শরীরের নির্দিষ্ট অংশ পানি দিয়ে ধোয়ার প্রয়োজন হয়। সাধারণ উঁচু সিঙ্কে পা ধোয়া অনেকের জন্য অসুবিধাজনক হওয়ায় বিশেষভাবে তৈরি এই নিচু অজু স্টেশনগুলো মুসলিম যাত্রীদের জন্য অত্যন্ত সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
Leave a Reply