কুড়িগ্রামের সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় মুখ ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তাইজুল ইসলাম তাজুর হারিয়ে যাওয়া ফেইসবুক পেজটি উদ্ধার করা গেছে।
একদিনের ব্যবধানে ‘তাজু ভাই ২.০’ নামের এক মিলিয়ন ফলোয়ারের পেইজটি ফিরে পাওয়ায় নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন।
এই বিশাল প্ল্যাটফর্মটি হারিয়ে যাওয়ায় ভেঙে পড়েছিলেন ওই এলাকার বাসিন্দা তাইজুল। পেইজটি ফিরে পেয়ে উচ্ছ্বসিত এ কনটেন্ট ক্রিয়েটর বলেন, “আল্লাহর রহমতে আমার ফেইসবুক পেইজটি ফিরে পেয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন।”
সোমবার সকাল থেকে তাইজুলের ফেইসবুক পেজটি দেখা যাচ্ছে বলে নিশ্চিত করেছেন নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার কবিরুল ইসলাম।
গত রোববার পর্যন্ত তাইজুলের ফেইসবুক পেইজটি দেখা না যাওয়ায় ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। অনেকেই ধারণা করেছিলেন, পেইজটি হ্যাক হয়েছে বা কোনো কারণে সরিয়ে নেওয়া হয়েছে। তবে সোমবার সকালে একদিনের ব্যবধানে পেজটি আবার সক্রিয় হওয়ায় সেই শঙ্কা অনেকটাই কমেছে।
নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বাসিন্দাদের অভিযোগ, তাইজুল ইসলাম একজন অত্যন্ত সরল মনের মানুষ। তার এই সরলতাকে পুঁজি করে ইদানীং কিছু সুবিধাবাদী কন্টেন্ট ক্রিয়েটর নিজেদের স্বার্থে নেতিবাচক ভিডিও ও পোস্ট তৈরি করছেন। ভিউ বাড়ানোর নেশায় তাজু ভাইকে দিয়ে এমন কিছু করানো হচ্ছে যা তার ব্যক্তিগত ও সামাজিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
ইউপি সদস্য কবিরুল ইসলাম বলেন, “সকালে তাইজুল ফিরে পাওয়া ফেইসবুকে পেইজে লাইভ করছে। কি কারণে এমনটা হয়েছে আমরা জানি না। তবে তার পেইজ ফিরে পাওয়ায় এলাকার মানুষ অনেক খুশি।”
Leave a Reply