মানবিক সেবার ব্রত নিয়ে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) নবীন শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিক পরীক্ষা কর্মসূচির আয়োজন করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের পকেট গেটের সামনে বাঁধন বুটেক্স ইউনিটের উদ্যোগে ৫২তম ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে এই কার্যক্রম পরিচালিত হয়। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এই আয়োজনে মোট ৪৩০ জন শিক্ষার্থীর রক্তের গ্রুপ পরীক্ষা করা হয় এবং ৯০ জন শিক্ষার্থী তাদের ডায়াবেটিক পরীক্ষা সম্পন্ন করেন।
কর্মসূচিটি পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন। তিনি বলেন, রক্তের গ্রুপ জানা প্রতিটি মানুষের জন্য অত্যন্ত জরুরি এবং বাঁধনের এই উদ্যোগ প্রশংসার দাবি রাখে। বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীর প্রয়োজনে বাঁধন সবসময় পাশে থাকে উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের চোখ পরীক্ষার জন্য ক্যাম্প আয়োজনের বিষয়েও ইতিবাচক আশ্বাস প্রদান করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও শিক্ষার্থী কল্যাণ পরিচালকসহ অন্যান্য শিক্ষকরাও উপস্থিত থেকে পরীক্ষা কার্যক্রমে অংশ নেন।
বাঁধন বুটেক্স ইউনিটের সভাপতি পিয়াল আহমেদ জানান, জরুরি মুহূর্তে সঠিক সময়ে রক্তের ব্যবস্থা জীবন বাঁচাতে পারে। নতুন শিক্ষার্থীদের রক্তের গ্রুপ সম্পর্কে সচেতন করা এবং সংগঠনের নতুন কর্মী সংগ্রহের লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে। তিনি বুটেক্সের সকল শিক্ষার্থীকে রক্তদানের গুরুত্ব অনুধাবনের আহ্বান জানান।
সংগঠনের সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন মারুফ বলেন, বুটেক্স বাঁধন ইউনিট নিয়মিত বিভিন্ন স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করে থাকে। শিক্ষার্থীদের রক্তদানে উৎসাহিত করা এবং মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই তাদের মূল উদ্দেশ্য। নতুনদের অংশগ্রহণের মাধ্যমে এই মানবিক কার্যক্রম ভবিষ্যতে আরও বেগবান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। মানবতার সেবায় সমাজের মানুষের পাশে দাঁড়ানোই বাঁধনের মূল লক্ষ্য বলে আয়োজকরা জানিয়েছেন।
Leave a Reply