রাজশাহীর হিমাগারগুলোতে সংরক্ষিত পুরোনো আলু নিয়ে চরম সংকটে পড়েছেন স্থানীয় কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। বর্তমানে বাজারে আলুর দাম উৎপাদন খরচের তুলনায় অনেক কম হওয়ায়, পণ্য খালাস করতে পারছেন না তারা। একদিকে হিমাগার ভাড়া পরিশোধের চাপ, অন্যদিকে নতুন আলু চাষের মৌসুম শুরু হওয়া—সব মিলিয়ে দিশেহারা অবস্থায় পড়েছেন ভুক্তভোগীরা। কৃষকদের দাবি, হিমাগারে প্রতি কেজি আলু সংরক্ষণে তাদের খরচ পড়েছে ২২ থেকে ২৫ টাকা, অথচ বাজারে বিক্রি করতে হচ্ছে মাত্র ১০ থেকে ১২ টাকায়। এর বাইরে দিনাজপুর, কিশোরগঞ্জ ও বগুড়ার আগাম নতুন আলু বাজারে উঠেছে। তখন বর্তমানের চেয়েও কম দামে আলু বিক্রি করতে হতে পারে।
উৎপাদন, পরিবহন ও হিমাগার ভাড়ার হিসাব করলে প্রতি কেজিতে ১১ থেকে ১৩ টাকা লোকসান গুনতে হচ্ছে চাষিদের। রাজশাহীর পাইকারি বাজারেও পরিস্থিতি একই, যেখানে আলু বিক্রি হচ্ছে ১০-১২ টাকা কেজি দরে। খুচরা বাজারে এই দর ১৫ থেকে ২০ টাকার মধ্যে থাকলেও তা উৎপাদন খরচ মেটানোর জন্য যথেষ্ট নয়। লোকসানের এই বাস্তবতায় অনেক ব্যবসায়ী ও কৃষক হিমাগার থেকে আলু খালাস করতে অনাগ্রহ দেখাচ্ছেন, এই আশায় যে ভবিষ্যতে দাম বাড়বে। তবে নতুন আলু বাজারে আসার সঙ্গে সঙ্গে পুরোনো আলুর দাম আরও পড়ে যাওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। বাজারে দাম বাড়ার আশায় দিনের পর দিন অপেক্ষা করেও মিলছে না স্বস্তি; বরং নতুন আলুর আগমন যত ঘনিয়ে আসছে, পুরোনো আলু নিয়ে অনিশ্চয়তা তত বাড়ছে। ফলে দাম বাড়ার অপেক্ষায় থাকা কৃষকদের সামনে সময়ও দ্রুত ফুরিয়ে আসছে। আলু বের করলেও লোকসান, না তুললেও বিপদ। কিন্তু প্রত্যাশিত দাম না পাওয়ায় ওই বিনিয়োগ এখন লোকসানের বোঝা হয়ে দাঁড়িয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাজশাহীতে মোট ৪০টি হিমাগার রয়েছে, যার মধ্যে দুটি বর্তমানে বন্ধ।
এই হিমাগারগুলোর মোট ধারণক্ষমতা পাঁচ লাখ ১৫ হাজার ৭৮৪ টন।
চলতি মৌসুমে এখানে মোট পাঁচ লাখ ১১ হাজার ২১৯ টন আলু সংরক্ষণ করা হয়েছিল। জুন মাস থেকে ১৫ নভেম্বর পর্যন্ত তিন লাখ ৪৪ হাজার ৪৬ টন আলু খালাস হয়েছে। অবশিষ্ট রয়েছে এক লাখ ৬৭ হাজার ১৭৩ টন আলু। রাজশাহী হিমাগার মালিক সমিতির হিসাবমতে, এর মধ্যে প্রায় দেড় লাখ টন বাণিজ্যিক আলু এখনো অবিক্রীত রয়েছে, যা আগামী কয়েক দিনের মধ্যে খালাস না হলে নিলামে বিক্রির শঙ্কা তৈরি হয়েছে। কোথাও জমি তৈরি, কোথাও চলছে বীজ বপনের আয়োজন। এই বিপুল পরিমাণ আলু নিয়ে নতুন করে সংকট তৈরি হয়েছে।
রাজশাহী হিমাগার মালিক সমিতির সাধারণ সম্পাদক ফজলুর রহমান জানিয়েছেন, চুক্তি অনুযায়ী ৩০ নভেম্বর পর্যন্ত আলু রাখার সুযোগ রয়েছে। নতুন মৌসুমের আলু সংরক্ষণের জন্য নির্ধারিত সময়ের মধ্যে হিমাগারগুলো খালি করা জরুরি। তিনি জানান, কৃষকদের দুরবস্থার বিষয়টি মাথায় রেখে ডিসেম্বর পর্যন্ত কিছুটা ছাড় দেওয়ার চিন্তা থাকলেও, বছরের শেষ সময়ে হিমাগারের সংস্কার ও প্রস্তুতির কাজ শুরু করতে হবে। নির্ধারিত সময় পেরিয়ে গেলে নোটিশ দিয়ে কিংবা প্রয়োজনে মাইকিং করে আলু খালাসের তাগিদ দেওয়া হবে। এমন পরিস্থিতিতে কৃষক ও ব্যবসায়ীদের সারা বছরের বিনিয়োগ আটকে রয়েছে হিমাগারের বস্তায়। হিমাগার মালিকদেরও সময়সীমা মানার তাগিদ। এরপরও আলু রেখে দিলে নতুন মৌসুমের প্রস্তুতি ব্যাহত হবে। এবারও প্রয়োজন হলে নোটিস দেওয়ার পাশাপাশি মাইকিং করা হবে।
বায়া এলাকার আসমা হিমাগারের ব্যবস্থাপক আলী আশরাফ হোসেন জানান, নোটিশ দেওয়ার পরও অনেক চাষি আলু তুলছেন না। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, ৩০ নভেম্বরের পর আর আলু রাখা সম্ভব নয়। সময় পেরিয়ে গেলে নিয়ম অনুযায়ী নিলামে আলু বিক্রি করে হিমাগার কর্তৃপক্ষ তাদের বকেয়া ভাড়া আদায় করবে।
মোহনপুর উপজেলার আলুচাষি শেখ মবিনুর রহমান পবার উত্তরা স্টোরে ২৫০ বস্তা আলু রেখেছেন। তিনি জানান, খরচ ও বাজার দরের বড় পার্থক্যের কারণে আলু বিক্রি করলে লোকসান অবধারিত। ব্যবসায়ীরা বলছেন, হিমাগারে রাখা আলুর প্রায় ৬০ শতাংশ এখনো অবিক্রীত। বায়া এলাকার ব্যবসায়ী রেন্টু আলী জানান, নতুন আলু বাজারে আসতে শুরু করলে পুরোনো আলুর চাহিদা ও দাম আরও কমবে। একদিকে বিনিয়োগের অর্থ ফেরত না পাওয়া, অন্যদিকে হিমাগার খালি করার চাপে তারা উভয় সংকটে আছেন।
রাজশাহী জেলা আলু ও কাঁচামাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ইফতেখারুল ইসলাম বলেন, গত দুই মৌসুম ধরেই রাজশাহীর আলুচাষিরা ক্রমাগত লোকসানের শিকার হচ্ছেন। উৎপাদন খরচের চেয়ে কম দামে পণ্য বিক্রির ফলে ক্ষুদ্র ব্যবসায়ীরা পুঁজি হারাচ্ছেন। এই পরিস্থিতির কারণে অনেক কৃষক আগামী মৌসুমে চাষাবাদ না করার কথা ভাবছেন বলেও তিনি উল্লেখ করেন।










