রাজশাহী বিভাগ

শিবগঞ্জ সীমান্তে ককটেল বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মীর মৃত্যু, আহত ৩

রাজশাহী বিভাগ ডেস্ক
| প্রিন্ট সংস্করণ
ফলো করুন
আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মেসেঞ্জার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় ককটেল প্রস্তুত করার সময় আকস্মিক বিস্ফোরণে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মী টমাস আলী (৩৫) প্রাণ হারিয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার মনাকষা ইউনিয়নের চৌকা সীমান্ত এলাকার একটি ঘাসের জমির পাশে এ দুর্ঘটনা ঘটে। এতে টমাসের দুটি হাত বিচ্ছিন্ন হয়ে যায় এবং তিনি ঘটনাস্থলেই মারা যান।

নিহত টমাস আলী শিবগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর লম্বাটোলা গ্রামের মো. মর্তুজার ছেলে। স্থানীয় বাসিন্দাদের তথ্যমতে, তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন এবং সাবেক সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলের ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। ককটেল বিস্ফোরণের সময় তার সঙ্গে থাকা অন্য তিন যুবক আহত হন এবং ঘটনার পরপরই তারা এলাকা ছেড়ে পালিয়ে যান। পলাতকদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রের বিবরণ অনুযায়ী, দুপুরে চৌকা সীমান্ত এলাকার নির্জন ঘাসের জমির পাশে বসে টমাসসহ কয়েকজন যুবক ককটেল তৈরি করছিলেন। এ সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে বিকেলে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টমাসের মৃতদেহ উদ্ধার করে। একই সঙ্গে সেখান থেকে ককটেল বানানোর বিভিন্ন আলামত ও সরঞ্জাম জব্দ করা হয়।

ঘটনার সতত্যা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, ককটেল বিস্ফোরণে ঘটনাস্থলেই টমাস আলীর মৃত্যু হয় এবং তার সহযোগীরা পালিয়ে যায়। পুলিশ সেখান থেকে মরদেহ উদ্ধার করেছে, যা ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হচ্ছে। তারা কোনো নাশকতামূলক কাজের উদ্দেশ্যে নাকি অন্য কোনো কারণে ককটেল তৈরি করছিলেন, সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

রাজশাহী বিভাগ থেকে আরও পড়ুন

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। শালীন ভাষায় মতামত জানান।