টাঙ্গাইলের বাসাইল পৌরসভার বর্ণীকিশোরী এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে ১০টি ঘোড়া জবাইয়ের ঘটনা ঘটেছে। রবিবার (৩০ আগস্ট) সকালে স্থানীয়রা ওই বাড়িতে জবাই করা ঘোড়া, হাড়, চামড়া ও মাথা পড়ে থাকতে দেখে বিষয়টি টের পান। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের ধারণা, রাতের অন্ধকারে অন্য কোনো স্থান থেকে ঘোড়াগুলো এনে নির্জন ওই বাড়িতে জবাই করা হয়েছে। ভোর হয়ে আসায় দুর্বৃত্তরা সাতটি ঘোড়ার মাংস নিয়ে যেতে পারলেও তিনটি জবাই করা ঘোড়া ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দা মফিজ জানান, সকালে খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে তিনটি জবাই করা ঘোড়া এবং সাতটি ঘোড়ার মাথা ও হাড় পড়ে থাকতে দেখেন। ধারণা করা হচ্ছে, এসব মাংস কোনো হোটেলে বিক্রির উদ্দেশ্যে সংগ্রহ করা হয়েছিল। এর আগেও উপজেলার নাইকানীবাড়ী ও গাজীর ভাঙ্গা এলাকায় একই ধরনের ঘোড়ার অবশিষ্টাংশ পাওয়ার ঘটনা ঘটেছে।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, ধারণা করা হচ্ছে রাত ১টা থেকে ভোর ৪টার মধ্যে এই ঘটনাটি ঘটেছে। ভোর হওয়ার কারণে দুর্বৃত্তরা সবকটি ঘোড়ার মাংস নিতে পারেনি। বর্তমানে এই ঘটনার বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বাসাইল পৌরসভার নির্বাহী কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানিয়েছেন, ঘটনাস্থল থেকে তিনটি জবাই করা ঘোড়া এবং সাতটি ঘোড়ার মাথা, হাড়, চামড়া ও নাড়িভুঁড়ি উদ্ধার করে অন্যত্র মাটিচাপা দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নজরদারি বাড়ানো হয়েছে।
Leave a Reply