পটুয়াখালী সদর উপজেলার মৌকরন ইউনিয়নের শ্রীরামপুর বাজার মসজিদে ফজরের নামাজে সেজদায় থাকা অবস্থায় হাফেজ মুহাম্মদ আতাউল্লাহ নামের এক ইমামের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ আগস্ট) ভোরে মর্মান্তিক এই ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো ওইদিন ভোরেও তিনি ফজরের নামাজের আগে সুন্নত নামাজ আদায় করছিলেন। নামাজের দ্বিতীয় রাকাতে সেজদায় যাওয়ার পর তিনি আর ওঠেননি। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর মুসল্লিরা তাকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন।
নিহত হাফেজ আতাউল্লাহ প্রায় দেড় বছর ধরে ওই মসজিদে ইমামতি করে আসছিলেন। তিনি পটুয়াখালীর জামিয়া আশরাফিয়া মাদরাসা থেকে শিক্ষা জীবন শেষ করেছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি দুমকী উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তালুকদার বাজারসংলগ্ন এলাকার বাসিন্দা ছিলেন। মাওলানা আব্দুস সালামের একমাত্র সন্তান আতাউল্লাহ দুই সন্তানের জনক ছিলেন। তার শান্ত ও বিনয়ী স্বভাবের কারণে স্থানীয় মুসল্লিদের কাছে তিনি অত্যন্ত প্রিয়ভাজন ছিলেন। ধর্মীয় দায়িত্ব পালনের পাশাপাশি এলাকার মানুষের সঙ্গে তার সুসম্পর্ক ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।
Leave a Reply