পদার্থবিজ্ঞানের অন্যতম মর্যাদাপূর্ণ স্বীকৃতি ‘ডিরাক মেডেল ২০২৬’ বিজয়ীদের নাম গত ৮ আগস্ট ঘোষণা করা হয়েছে। পরিসংখ্যানগত মেকানিকস বা স্ট্যাটিস্টিক্যাল মেকানিকসে অসামান্য অবদানের জন্য দ্য আবদুস সালাম ইন্টারন্যাশনাল সেন্টার ফর থিওরেটিক্যাল ফিজিকস (আইসিটিপি) এ বছর যৌথভাবে চারজন তাত্ত্বিক পদার্থবিজ্ঞানীকে এই সম্মাননায় ভূষিত করেছে। ১৯৮৫ সাল থেকে বিখ্যাত পদার্থবিজ্ঞানী পল ডিরাকের স্মরণে আইসিটিপি নিয়মিতভাবে এই পদক প্রদান করে আসছে।
পুরস্কারপ্রাপ্ত চার বিজ্ঞানী হলেন ফ্রান্সের কোলেজ দ্য ফ্রান্সের সাম্মানিক অধ্যাপক বার্নার্ড দেরিদা, ভারতের আইসিটিএস-টিআইএফআর-এর ইনসা-বিশিষ্ট অধ্যাপক দীপক ধর, ইতালির বোকোনি ইউনিভার্সিটির তাত্ত্বিক পদার্থবিজ্ঞানের অধ্যাপক মার্ক মেজার্দ এবং যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটি ও হিব্রু ইউনিভার্সিটি অব জেরুজালেমের ইমেরিটাস অধ্যাপক হাইম সোম্পোলিনস্কি। তাঁদের এই উদ্ভাবনী গবেষণা কেবল তাত্ত্বিক পদার্থবিজ্ঞানের গণ্ডিতে সীমাবদ্ধ থাকেনি, বরং স্নায়ুবিজ্ঞান, কৃত্রিম বুদ্ধিমত্তা, তথ্যপ্রযুক্তি এবং আর্থিক বাজারের মতো জটিল ক্ষেত্রেও নতুন দিগন্ত উন্মোচন করেছে।
আইসিটিপির পরিচালক ও পুরস্কার প্রদান কমিটির প্রধান অতীশ ডাভোলকার জানান, এই চারজন বিজ্ঞানীর কাজ পরিসংখ্যানগত মেকানিকসকে এমন একটি শক্তিশালী কাঠামো হিসেবে প্রতিষ্ঠিত করেছে, যা পদার্থবিজ্ঞানের বাইরেও জীববিজ্ঞান, কম্পিউটার সায়েন্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো জটিল বিষয়ের উত্তর খুঁজতে সহায়ক ভূমিকা পালন করছে।
মার্ক মেজার্দ জটিল সিস্টেমে অগণিত সম্ভাবনার কারণে সৃষ্ট বিশৃঙ্খলা বা ‘ফ্রাস্ট্রেশন’ ব্যাখ্যা করতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। জর্জিয় পারিসি ও মিগুয়েল ভিরারসোর সঙ্গে যৌথভাবে উদ্ভাবিত তাঁর ‘ক্যাভিটি মেথড’ বর্তমানে কম্পিউটার সায়েন্স ও কৃত্রিম বুদ্ধিমত্তার বিভিন্ন জটিল অ্যালগরিদম তৈরিতে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। অন্যদিকে, তাত্ত্বিক ও কম্পিউটেশনাল স্নায়ুবিজ্ঞানের পথিকৃৎ হাইম সোম্পোলিনস্কি পরিসংখ্যানগত মেকানিকসের প্রয়োগ ঘটিয়ে মস্তিষ্কের নিউরাল সার্কিট, স্মৃতিশক্তি এবং হপফিল্ড মডেলের সমাধান করেছেন। তাঁর এই কাজ পদার্থবিজ্ঞানের সঙ্গে মস্তিষ্কের মেমোরি সিস্টেমের সেতুবন্ধন তৈরি করেছে, যা বর্তমানের ডিপ লার্নিং ও এআই গবেষণায় অত্যন্ত কার্যকর।
তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে অসামান্য অবদানের জন্য প্রতিবছর এই পদক প্রদান করা হয়। অতীতে এই পুরস্কারপ্রাপ্ত অনেক বিজ্ঞানীই পরবর্তীতে নোবেল পুরস্কার এবং ফিল্ডস মেডেলের মতো সর্বোচ্চ বৈজ্ঞানিক সম্মাননায় ভূষিত হয়েছেন। এ বছরের পদক নির্বাচন কমিটিতে দুজন নোবেল বিজয়ীসহ বিশ্বের বিশিষ্ট বিজ্ঞানীরা দায়িত্ব পালন করেছেন।
Leave a Reply