টাঙ্গাইলের সখিপুরে সড়ক দুর্ঘটনায় আওয়াল শফি (৪৫) নামের এক স্বাস্থ্য সহকারী প্রাণ হারিয়েছেন। বুধবার বেলা ১টার দিকে নলুয়া-টাঙ্গাইল সড়কের নলুয়া বাজারের পশ্চিম পাশে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত আওয়াল শফি সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত ছিলেন। তিনি উপজেলার যাদবপুর ইউনিয়নের বোয়ালি গ্রামের মোশারফ হোসেনের ছেলে।
ঘটনার বিবরণে জানা যায়, কর্মস্থল যাদবপুরে ইপিআই কার্যক্রম শেষে নিজ বাড়ি বোয়ালীর দিকে যাচ্ছিলেন আওয়াল শফি। পথে নলুয়া বাজারের পশ্চিম পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
Leave a Reply