কিশোর-কিশোরীদের স্বাস্থ্য, নিরাপত্তা, পারিবারিক সচেতনতা এবং অভিভাবক-সন্তানের সম্পর্কের মতো সংবেদনশীল বিষয়গুলো নিয়ে নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘শব্দহীন যন্ত্রণা’। মো. আক্তার হোসেনের পরিচালনায় পারিবারিক ও মনস্তাত্ত্বিক ঘরানার এই চলচ্চিত্রটি আগামী অক্টোবরের মাঝামাঝি সময়ে মুক্তি পাওয়ার কথা রয়েছে। জায়না ইজি প্রোডাকশনের ব্যানারে নির্মিত এই ফিল্মটির চিত্রনাট্য ও গল্প লিখেছেন চিকিৎসক ও গবেষক ডা. তৃণা ইসলাম।
গল্পের মূল কেন্দ্রে রয়েছে মায়া নামের এক কিশোরী, যার অনাকাঙ্ক্ষিত গর্ভাবস্থাকে ঘিরে কাহিনী আবর্তিত হয়। কৈশোরের আবেগ ও অপরিপক্বতার কারণে ঘটা এমন একটি ঘটনা কীভাবে একজন কিশোরীর শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে এবং তার ভবিষ্যৎ জীবনকে সংকটাপন্ন করে তোলে, তা এই ফিল্মে ফুটিয়ে তোলা হয়েছে। পাশাপাশি কিশোর বয়সে গর্ভধারণের ঝুঁকি, সঠিক সময়ে চিকিৎসাসেবা, কাউন্সেলিংয়ের গুরুত্ব এবং এ ক্ষেত্রে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকার বিষয়টিও এখানে স্পষ্টভাবে উঠে এসেছে।
ওয়েব ফিল্মটিতে অভিনয় করেছেন আমান রেজা, ডা. তৃণা ইসলাম, তাহসান বিন রফিক, মৌরি, রেবেকা রউফ, ফারজানা ছবি, বড়দা মিঠু, আজম খান, শশী আফরোজা ও লালশি। এছাড়া কিশোর ও শিশু চরিত্রে সিফাত, আভা, আনাস, আজুয়াত, আজমিন ও আরুশাকে দেখা যাবে। ডা. তৃণা ইসলাম একজন চিকিৎসক ও গবেষক হওয়ার পাশাপাশি সংবাদ উপস্থাপক ও অনুষ্ঠান প্রযোজক হিসেবেও পরিচিত। তার লেখনীতে কিশোর-কিশোরীদের বেড়ে ওঠার পথে পরিবারের ভূমিকা এবং তাদের মানসিক অবস্থা বোঝার প্রয়োজনীয়তাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
নির্মাতা মো. আক্তার হোসেন বলেন, ‘শব্দহীন যন্ত্রণা’ দর্শকের আবেগকে স্পর্শ করার পাশাপাশি কিশোর-কিশোরীদের স্বাস্থ্য, অভিভাবক-সন্তানের সম্পর্ক, প্রজনন স্বাস্থ্যশিক্ষা এবং সামাজিক সহমর্মিতা নিয়ে পরিবার ও সমাজে ইতিবাচক আলোচনা তৈরি করবে বলে তিনি প্রত্যাশা করছেন। বয়সোপযোগী প্রজনন স্বাস্থ্যশিক্ষা এবং কিশোর-কিশোরীদের সঙ্গে পরিবারের খোলামেলা যোগাযোগের প্রয়োজনীয়তা তুলে ধরাই এই নির্মাণের মূল লক্ষ্য।
Leave a Reply