বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদনের পথে আরও এক ধাপ এগিয়ে গেল দেশের প্রথম পরমাণু বিদ্যুৎ প্রকল্পটি। উৎপাদন শুরুর আগেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের (আরএনপিপি) সঞ্চালন ব্যবস্থা জাতীয় বিদ্যুৎ সঞ্চালন গ্রিডের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার পরমাণু শক্তি কমিশনের কার্যালয়ে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (বিএইসি) এবং ন্যাশনাল লোড ডিসপ্যাচ সেন্টার (এনএলডিসি) পরিচালনার দায়িত্বে থাকা জিই ভার্নোভার মধ্যে এই চুক্তি সম্পন্ন হয়। চুক্তিপত্রে রূপপুরের পক্ষে প্রকল্প পরিচালক ড. কবির হোসেন এবং জিই ভার্নোভার প্রতিনিধি দেবেশ ঝা স্বাক্ষর করেন।
প্রকল্প পরিচালক ড. কবির হোসেন বলেন, জাতীয় গ্রিডে বিশ্বস্ততার সঙ্গে বিদ্যুৎ উৎপাদনের তথ্য প্রেরণে এই চুক্তি একটি মাইলফলক। এটি কেন্দ্রটির কমিশনিং প্রক্রিয়া এবং ভবিষ্যতের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রূপপুর বিদ্যুৎকেন্দ্রের উপ-প্রকল্প পরিচালক ড. মো. খালেকুজ্জামান জানান, এই সংযোগের ফলে গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালন এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সুনিশ্চিত হবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, রূপপুর বিদ্যুৎকেন্দ্র এখন উৎপাদনের চূড়ান্ত ধাপে রয়েছে। গত ২৮ এপ্রিল জ্বালানি লোডিং কার্যক্রম সম্পন্ন হয়েছে। বর্তমানে ১ নম্বর ইউনিটের ফুয়েল-লোডিং পরবর্তী বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে। কেন্দ্রটি এখন বি-২ কমিশনিং লাইসেন্স ও নিরাপত্তা ছাড়পত্রের অপেক্ষায় রয়েছে। অনুমোদনের পর চেইন রিয়্যাকশন প্রক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে এবং ধাপে ধাপে তা বাণিজ্যিক পর্যায়ে পৌঁছাবে। নির্ধারিত সময়সূচি বজায় রাখতে এই স্কাডা সিস্টেমের কাজ সম্পন্ন করাকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল।
Leave a Reply