গাইবান্ধার সাঘাটায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছেন ষাটোর্ধ্ব এক বৃদ্ধা। গত সোমবার উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের খামার পবন তাইড় গ্রামে এ ঘটনা ঘটে। বুধবার (১৯ আগস্ট) অনশনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। বৃদ্ধা হুঁশিয়ারি দিয়েছেন, বিয়ে না করলে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করবেন।
ভুক্তভোগীর অভিযোগ, প্রায় ১৫ বছর আগে ওই নারীর স্বামী মারা যান। এরপর সাবেক ইউপি সদস্য ফটিকের সঙ্গে তার পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ভুক্তভোগীর দাবি, তাদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক হয়েছে। বারবার বিয়ের কথা বললেও ফটিক নানা অজুহাতে সময়ক্ষেপণ করছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই নারীকে বাড়িতে দেখে ফটিক ঘরের দরজায় তালা লাগিয়ে পালিয়ে যান। উল্টো ওই নারীর বিরুদ্ধে ফটিক সাঘাটা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
সাঘাটা থানার ওসি (তদন্ত) পবিত্র কুমার জানান, এ ঘটনায় উভয় পক্ষ থেকেই থানায় অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply